ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। বহস্পতিবার বেলা ১১টায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এই ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৌতলা গ্রাম আদালত সহকারী রেবেকা সুলতানার সঞ্চালনায় গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান করেন মৌতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, জিএম রবিউল আলম প্রমুখ।
এ সময় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে ও অসহায় নির্যাতিত নিপীড়িত জনগণকে ন্যায় বিচারের মাধ্যমে সেবা দিতে গ্রামপুলিশদের আরও সক্রিয় হতে হবে।
তিনি আরো বলেন, ২০১৭ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত মৌতলা ইউপিতে ১৮৫টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। ১০টি মামলা চলমান আছে। ১৭৫টি মামলার মধ্যে ১৫১টি মামলা সফলভাবে নিষ্পত্তি হয়েছে। মৌতলা ইউনিয়ন গ্রাম আদালত থেকে নজরুল ইসলাম, ঈমান আলী, হাফিজা খাতুন, রেবেকা পারভিন, মতিয়ার রহমান, তুষার কান্তি মন্ডল প্রমুখ সেবা পেয়েছে।
