ডেস্ক রিপোর্ট: হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন বিপন্ন হতে চলেছে পুরাতন সাতক্ষীরার আসাদুর রহমানের। চিকিৎসকরা বলছেন, হাতুড়ে ডাক্তার তার দেহে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটেছে। আসাদুর রহমান (৫৫) এখন চিকিৎসা নিচ্ছেন সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে।
তার ছেলে মিজানুর রহমান বলেন, আব্বার জ্বর হয়েছিল। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাই পুরাতন সাতক্ষীরার পল্লী চিকিৎসক জাহাঙ্গির হোসেনের কাছে। তিনি তার নিতম্বে একটি ইনজেকশন পুশ করেন। এরপর প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছিল তার। ইনজেকশনের স্থানটি ফুলে যায়। ক’দিন পর তাকে ফের ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে তিনি ইনজেকশনের মাধ্যমে ভেতরের পুঁজ রক্ত বের করতে উদ্যত হন। কিন্তু আমার আব্বা রাজি না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় শহরের হার্ট ফাউন্ডেশনে। সেখানে তার অপারেশন করা হয়। তিনি জানান, ডাক্তার জানিয়েছেন তার দেহে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পুশ করা হয়েছে।
মিজানুর জানান জানান, এ জন্য তাদের অনেক টাকা ব্যয় হয়েছে। অথচ ডা. জাহাঙ্গির কোনো সহায়তা করছেন না। আমাদের পরিবার খুবই দরিদ্র। তিনি ক্ষতিপূরণ বাবদ তার বাবার চিকিৎসায় অর্থ সহায়তার দাবি জানিয়েছেন।
