স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ও হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা আইয়ুব ডলি নির্বাচিত হওয়ায় মুন্সিগঞ্জ বাজারের চা বিক্রেতা রবি মন্ডল বাজারের সকল ব্যবসায়ী ও জনসাধারণকে মিষ্টি মুখ করিয়েছেন। সোমবার (২৫ মার্চ) মুন্সিগঞ্জ বাজারে তিনি নিজস্ব অর্থায়নে ৪ মণ জিলাপি বিতরণ করেন। গরীব হলেও এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।
রবি মন্ডল বলেন, আমার ইচ্ছা ছিল নৌকা ও হাঁস প্রতীকের প্রার্থী জয়লাভ করলে আমি মুন্সিগঞ্জ বাজারে মানুষকে চার মণ জিলাপি খেতে দেবো। আমি চা বিক্রি করে যে টাকা সঞ্চয় করেছি, সেই টাকা দিয়ে আমি নৌকা ও হাঁস প্রতীকের বিজয় উপলক্ষ্যে সবাইকে মিষ্টিমুখ করালাম।
এ সময় শ্যামনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, ব্যবসায়ী ইয়াকুব আলীসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
