কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের শেখ নাজমুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের দিপালী রানী ঘোষ বিজয়ী হয়েছেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সরদার মোস্তফা শাহীন ঘোষিত সর্বমোট ৭৮টি ভোট কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী ৫৬ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৬৬ ভোট। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৯৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শেখ নাজমুল ইসলাম তালা প্রতীকে ৪৩ হাজার ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (টিয়া পাখি) ১১ হাজার ৫৪৬ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম (মাইক) ২ হাজার ২শ ৮৯ ভোট, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জিএম জাহাঙ্গীর আলম (উড়োজাহাজ) ৩ হাজার ৫১৯ ভোট, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেফারি শেখ ইকবাল আলম বাবলু (বই) ২৬ হাজার ৬২২ ভোট, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সাহেব (টিউবওয়েল) ১২ হাজার ৩৯১ ভোট ও মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ (চশমা) ৫৭৫ ভোট পেয়েছেন।
এছাড়া ফুটবল প্রতীকের দিপালী রানী ঘোষ ৩৬ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু (পদ্ম ফুল) ১৬ হাজার ৯৯১ ভোট,
উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফারজানা শওকত আফি (হাঁস) ৩৪ হাজার ১৫৯ ভোট ও আফসানা বেগম (কলস) ১০ হাজার ৩৩১ ভোট পেয়েছেন।
কালিগঞ্জে মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৭০৬টি। ভোট পড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩০টি। বাতিল হয়েছে ২ হাজার ৩৩০টি ভোট। ৪৭ দশমিক ৫ ভাগ ভোট কাস্ট হয়েছে।
