শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এবিষয়ে বাড়ির মালিক জমাত আলী শ্যামনগর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে জমাত আলী অভিযোগে উল্লেখ করেছেন, ১০৭ নং আটুলিয়া মৌজার ৩৪১ নং খতিয়ানে ৭৯ দাগে ২৫ শতক জমি কোবলা সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন পরিবার পরিজনসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। একই গ্রামের আব্দুর রাশেদের ছেলে মনিরুজ্জামান তার বাড়ি ঘর দখলের হুমকি দিতে থাকে। গত ১৯ মার্চ দিনগত গভীর রাতে মনিরুজ্জামান মুন্না সহযোগীদের নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িঘর ভাংচুর করে। এতে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তার অভিযোগ। বাধা দেওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। চিৎকারে তার স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। তার কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে পার্শবর্তী লোকজন এসে পড়লে হামলাকারীরা কেটে পড়ে। এঘটনায় জমাত আলী বাদী হয়ে মনিরুজ্জামান মুন্নাকে ১ নং আসামি করে ৭/৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ করেছেন।
