কালিগঞ্জ প্রতিনিধি: আগামী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। উৎসবমূখর পরিবেশে মানুষ যাতে ভয়ভীতি ও আতংক থেকে মুক্ত হয়ে ভোটকেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন সেজন্য উপজেলা জুড়ে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। যথাযথ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য ভোটের দিন প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবি টহল প্রদান করবে।
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টায় কালিগঞ্জ অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, সহিংসতা সৃষ্টিকারী ও সন্ত্রাসীরা যদি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ভোটের দিন সাধারণ ভোটারদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার প্রশাসন তার সব ব্যবস্থাই করবে। তিনি ভোটের আগে এবং পরে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুধিবৃন্দ অংশ নেন।
