বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে এবং আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস-২০১৯ উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ৮ দফা দাবি তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন বিডিইআর তালা উপজেলা সভাপতি দিলীপ কুমার দাস ,বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপ্ত এর পরিচালক ও দলিত নারী নেত্রী জয়ন্তী রানী দাস, সদয় দাশ, রেহানা পারভিন, বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২১ মার্চ বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে দিবসটি পালিত হয়। ১৯৬০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ৬৯ জন মানুষ। ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি পালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
