ডেস্ক রিপোর্ট: আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের ভোটার ও এজেন্টদের কেন্দ্রে যেতে নিষেধ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন বুধবার দুপুরে এ সংক্রান্ত লিখিত অভিযোগ জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে জমা দিয়েছেন। তিনি অভিযোগপত্রের সাথে হুমকি-ধামকির ভিডিও চিত্রের মেমোরী কার্ডও জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রচার প্রচারণা করার ক্ষেত্রে আনারস প্রতীকের নেতা-কর্মীরা প্রতিনিয়ত বিভিন্নœ ইউনিয়নে বাধা, বিঘœ ও হুমকির ধামকির সম্মুখীন হচ্ছেন।
এতে আরও বলা হয়, গত ১৯ মার্চ মঙ্গলবার ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা ব্রহ্মরাজপুর বাজারে এক পথসভায় প্রকাশ্যে মাইকে বলেন, যারা নৌকায় ভোট দেবে না, তাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এছাড়া প্রতিদিন ধুলিহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে বাবু সানা লোকজন নিয়ে সাধারণ ভোটারদের হুমকি ধামকি প্রদর্শন করে বলছেন, ধুলিহর ইউনিয়নের কোন কেন্দ্রে আনারস প্রতীকের কোন এজেন্ট ঢুকতে দেয়া হবে না, যারা আনারসে ভোট দিতে যাবে তাদের ভোটের পরে দেখে নেওয়া হবে। এতে অত্র এলাকার সাধারণ ভোটাররা ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েছে। নষ্ট হচ্ছে ভোটের পরিবেশ।
অপরদিকে, একই রকম হুমকি ধামকি দিচ্ছে লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে নজরুল ইসলাম।
এমতাবস্থায় তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোথাও আমার কোন বক্তব্যে এ ধরনের কোন কথা বলি নি। আমার বিরুদ্ধে কেউ কোন প্রমাণও দিতে পারবে না।
এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম মাহমুদুর রহমান জানান, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
