স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের হস্তক্ষেপে বাড়ির ঠিকানা খুঁজে পেলো বগুড়ার আলেয়া বেগম (৪০) নামে এক নারী।
সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার জামিলনগর গ্রামের ৮নং ওয়ার্ডের আলেয়া বেগমের ছেলে আনিছুর রহমান বাড়ি থেকে হারিয়ে যায়। নিজ সন্তানের খোঁজে তিনি দুই দিন পর বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ছেলের খোঁজে দিশেহারা হয়ে তিনি বিভিন্ন জেলায় ছুটতে থাকেন। গত এক সপ্তাহ আগে তিনি নিজেই মানসিক ভারসাম্য হারিয়ে নিজের বাড়ির ঠিকানা ভুলে যান। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে তিনি অবস্থান করছিলেন। সেখানে আলেয়া বেগমকে অসুস্থ অবস্থায় দেখে তাৎক্ষণিক সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের উপদেষ্টা দীপক মিস্ত্রি ও সাধারণ সম্পাদক আবু ইসহাক হোসাইনকে জানান স্থানীয়রা। এ সময় সিডিও ইয়ুথ টিমের কয়েকজন স্বেচ্ছাসেবক বারসিকের লিয়াজোঁ অফিসার ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানকে জানান। পর্যায়ক্রমে বগুড়া সদরের মহিলা কাউন্সিলর, আলেয়া বেগমের ভাই ও ছেলের সাথে ফোনে কথা বলে তাদেরকে শ্যামনগরে আসার কথা বলেন তারা।
পরবর্তীতে গাজী আল ইমরানের পরামর্শক্রমে কলবাড়ী বাজার কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিডিও ইয়ুথ টিমের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসারের দ্বারস্থ হলে শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ওই নারীকে হস্তান্তর করার বিষয়ে শ্যামনগর থানার সহযোগিতা কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
বেলা ১২টার দিকে উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান উপস্থিত থেকে আলেয়া বেগমের ছেলে আনিছুর রহমান ও তার ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের উপদেষ্টা দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক হোসাইন, সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক গোপাল গাইন, মুন্সিগঞ্জ ইউনিটের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
