ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে দুই যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আজাদ গাজী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যতিন্দ্রনগর এলাকার আব্দুর রহমান ও মহিউদ্দিন গাজী গংদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে তারা আমার ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১১ মার্চ আমার ছেলে আশিকুর রহমান ও ভাইপো আব্দুল কাদের পার্শ্বেখালী এলাকার আমার ভাগ্নি হাফিজা খাতুনের বাড়ি থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহমান, আলিম গাজী, রমজান গাজী, রমজান গাজীর ছেলে নুরুজ্জামান, মৃত গহর গাজীর ছেলে এলাকার চিহ্নিত বাঘ ও হরিণ শিকারী মহিউদ্দিন গাজী ও মৃত আবুল গাজীর ছেলে কামরুজ্জামানসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী আমার ছেলে আশিকুর রহমান ও ভাইপো আব্দুল কাদেরের গতিরোধ করে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাছে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আমার ছেলে আশিকুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় আমি নিজে বাদী হয়ে উল্লিখিতদের নামে ১৩ মার্চ শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি।
স্থানীয় কৃষক লীগের ওয়ার্ড সভাপতি আজাদ গাজী অভিযোগ করে বলেন, থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে চিহ্নিত বাঘ ও হরিণ শিকারী মহিউদ্দিন গাজী আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পত্রিকায় একটি মিথ্যে সংবাদ প্রকাশ করায়। প্রকাশিত সংবাদে তারা আমাকে বনদস্যু ও ডাকাতির সাথে জড়িত থাকার কথা উল্লেখ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হওয়ায় তারা আমার সুনাম ক্ষুণœ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বর্তমানে আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি ও আমার পরিবার তাকে নিয়ে চরম উদ্বিগ্ন। সেই সুযোগে ওই চক্রটি আমার ছেলেকে হত্যা প্রচেষ্টার মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে সৌদিতে চুরির অপরাধে জেল খেটে দেশে ফিরে আসা লিংকনের দ্বারা পত্রিকায় মিথ্যাচার করছে এবং মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে।
তিনি তার ছেলেকে হত্যা প্রচেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্দমূলক শাস্তি প্রদানের দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
