রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চলমান সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগের শনিবারের খেলায় লাবসা পল্লী মঙ্গল সমিতিকে ৭৬ রানে পরাজিত করেছে ইউনুছ আলী স্মৃতি সংসদ।
শনিবার (১৫ মার্চ) সকালে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইউনুছ আলী স্মৃতি সংসদ। প্রতিপক্ষের বোলারদের ব্যাট হাতে একাই শাসন করেন রানা। অন্যপ্রান্তে থাকা ব্যাটসম্যানদের সঙ্গ নিয়ে অসাধারণ হাফ সেঞ্চুরিও করেন এই ব্যাটসম্যান। রানার ব্যাটের বিপরীতে প্রতিরোধ গড়তে সক্ষম হন আব্দুল্লাহ। শেষ দিকে তার বোলিং নৈপূণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে ইউনুছ আলী স্মৃতি সংসদ। ইউনুছ আলী স্মৃতি সংসদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন রানা। পল্লী মঙ্গল সমিতির পক্ষে ৩টি উইকেট শিকার করেন আব্দুল্লাহ।
২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিশিত ও মেহেদীর বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে লাবসা পল্লী মঙ্গল সমিতির ব্যাটসম্যানরা। দ্বিতীয় স্পেলে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই দুই বোলার। অপরদিকে, ফয়সালের ব্যাটে শেষ পর্যন্ত ৪০.২ ওভারে ১৪৯ রানে অলআউট হয় লাবসা পল্লী মঙ্গল সমিতি। ফলে ৭৬ রানে জয় তুলে নেয় ইউনুছ আলী স্মৃতি সংসদ। পল্লী মঙ্গল সমিতির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ফয়সাল। ইউনুছ আলী স্মৃতি সংসদের হয়ে নিশিত ৫টি ও মেহেদী ৩টি উইকেট লাভ করেন।
