আবিদ হোসেন, ভোমরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ। শনিবার দুপুরে তিনি বন্দর পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এস.আই জুয়েল, বিজিবির ভোমরা বিওপির নায়েক সুবেদার আব্দুস সামাদ, স্থল বন্দর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল আলম প্রমুখ।
এ সময় নৌ-পরিবহন সচিব ভোমরা স্থলবন্দরের জন্য ১০ একর জমি অধিগ্রহণের বিষয়ে খোঁজ খবর নেন এবং পানি নিষ্কাশন, রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়নসহ বন্দরের বিভিন্ন উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, ভোমরা স্থল বন্দর এ এলাকার উন্নয়নের সূতিকাগার। এ বন্দরের উন্নয়নের সাথে সাথে রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে। একই সাথে আমদানি রফতানি বাণিজ্য আরও গতি লাভ করবে।
এ সময় তিনি ভোমরা বন্দর দিয়ে আমদানির সাথে সাথে রপ্তানি বাড়ানোর জন্য সিঅ্যান্ডএফ নেতাদের প্রতি আহবান জানান।
এর আগে সকালে নৌ পরিবহন সচিব সাতক্ষীরা প্রেসক্লাব পরিদর্শন করেন।
এ সময় তিনি সাতক্ষীরার নদী খাল দখলদারদের উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে বলেন, ঢাকায় বুড়িগঙ্গাকে দখলদারমুক্ত করার অভিযান চলছে। সাতক্ষীরার প্রাণ সায়ের খাল উন্মুক্ত করা এবং কপোতাক্ষ ও বেতনা নদী দখলমুক্ত করে খনন করা জরুরী হয়ে পড়েছে। চিংড়ি, হিমায়িত মৎস্য, আম ও কৃষি ফসল উৎপাদনে সাতক্ষীরা দেশের শীর্ষে, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। এই সেতু নির্মাণ সমাপ্ত হলে সাতক্ষীরার আরও উন্নয়ন হবে। তিনি বলেন, সুন্দরবন সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে সাতক্ষীরা জেলার উন্নয়নের স্রোতধারা আরও বেগবান হবে। এ ছাড়া রেল লাইন নির্মাণের বিষয়টিও সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। সরকার সারা দেশে রেলের সম্প্রসারণ ঘটাতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
সচিব বলেন, দক্ষিণ জনপদ সাতক্ষীরার উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের আরও সোচ্চার হতে হবে। তারা অগ্রসর হলে সরকারও পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণের এই জেলা উন্নয়ন মহাসড়কে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে নৌ সচিব আবদুস সামাদ সাতক্ষীরা পিএন বিয়াম উচ্চ বিদ্যালয়, শিশু হাসপাতালসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ অন্যান্যরা
বিকালে তিনি সাতক্ষীরার শহিদ রাজ্জাক পার্কে চলমান ‘ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা’ পরিদর্শন করেন । এ সময় তিনি বলেন, বই আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। বইই আমাদের সঠিক পথে পরিচালিত করে। শিখতে পড়তে বই, জানতে জানাতেও বই উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে বই পড়া শিখাতে হবে। এ জন্য বাবা মা ও স্কুলের শিক্ষকরা অগ্রণী ভূমিকা নিতে পারেন।
নৌ সচিব আরও বলেন, দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। দুর্নীতিরোধে সকলকে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি।
