ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার ভোরে ভোমরার ঘোষপাড়া, কাকডাঙ্গা, কেড়াগাছি, হিজলদি ও তলুইগাছা সীমান্তে এসব অভিযান চালানো হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বাংলাদেশি হু-ির ৩ লাখ টাকা, ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড়, ১৪ হাজার টাকা মূল্যের ৪৬ কেজি ভারতীয় চা পাতা, ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল ৯৭ বোতল, ২৮ হাজার টাকা মূল্যের ৪টি ভারতীয় বাইসাইকেল, ৫০ হাজার টাকা মূল্যের ১’শ কেজি ভারতীয় গরুর মাংস।
এ ঘটনায় বিজিবি এক নারী চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটক নারী চোরাকারবারীর নাম বাসন্তী ঘোষ (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ঘোষপাড়া গ্রামের তুলশী ঘোষের স্ত্রী।
বিজিবি জানায়, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরার ঘোষপাড়া, কাকডাঙ্গা, কেড়াগাছি, হিজলদি ও তলুইগাছা সীমান্তে স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
