মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বী ৯ প্রার্থীর পক্ষে প্রচারণার মাইকে উপজেলা মুখরিত হয়ে উঠেছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সহিদুর রহমান জানান, মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল অনুযায়ী ১৪ মার্চ প্রতিদ্বন্দ্বী ৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনি জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম নৌকা, বিদ্রোহী অথবা স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু মোটরসাইকেল এবং হাবিবুর রহমান খান পেয়েছেন আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন চশমা, উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক হাসেম আলী মাইক, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু তালা এবং তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ পেয়েছেন টিউবওয়েল।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রীতা রাণী পাড়ে ফুটবল এবং উপজেলা যুব মহিলালীগের সভাপতি কাজী জলি আক্তার পেয়েছেন কলস প্রতীক।
সূত্র জানায়, বৃহস্পতিবার প্রতীক পাবার পর পরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা বেশ জোরেসোরে নেমে পড়েন প্রচারণায়। প্রচার মাইকে প্রথম দিনেই সারা উপজেলা মুখরিত হয়ে ওঠে।
