ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে জেলেদের জিম্মি করে আদায়কৃত মুক্তিপণের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন পুষ্পকাটি বন টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলম।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কর্মকর্তা ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) কেএম কবীর উদ্দীনের উপস্থিতিতে ভুক্তভোগী জেলে সোহরাবের হাতে মুক্তিপণের ২৮ হাজার টাকা তুলে দেন ওসি মহসিন আলম।
সূত্র জানায়, গত ৩ মার্চ সুন্দরবনের পুষ্পকাটি এলাকায় মাছ ধরার সময় ওসি মহসিন আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে চার জেলেকে অপহরণ করে। ৫০ হাজার টাকার মধ্যে ২৮ হাজার টাকা পরিশোধ করলে জেলেদের মুক্তি দেন তারা। কিন্তু বাকি ২২ হাজার টাকা আদায়ের জন্য জেলেদের ব্যবহৃত নৌকা ও জাল আটকে রাখেন মহসিন আলম।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী জেলে সোহরাব সহকারি বন সংরক্ষক (এসিএফ) রফিক আহম্মেদের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরে এক সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়।
পরে উপায়ান্তর না পেয়ে ওসি মহসিন আলম মুক্তিপণের জন্য আদায়কৃত ২৮ হাজার টাকা জেলেদের ফেরত দিতে বাধ্য হন।
তদন্তকারী কর্মকর্তা এসও কেএম কবীর উদ্দীন জানান, ২৮ হাজার টাকা জেলেদের ফেরত দেওয়া হয়েছে। মহসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।
সহকারি বন সংরক্ষক (এসিএফ) রফিক আহম্মেদ বলেন, দুর্নীতি পরায়ন ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
