আবিদ হাসান, ভোমরা: মাদক ও অস্ত্র চোরাচালান রোধ, সীমান্ত হত্যা বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) একযোগে কাজ করবে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় সভায় বিজিবি-বিএসএফ’র পক্ষ থেকে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার সভার উদ্ধৃতি দিয়ে জানান, আলোচনায় মাদক প্রতিরোধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বিএসএফকে আরও কড়া অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্র পাচার এবং নারী ও শিশু পাচার রোধে বিএসএফকে আরও কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়।
তিনি বিএসএফ’র উদ্ধৃতি দিয়ে বলেন, চোরাচালানীরা প্রায়ই বিএসএফ সদস্যদের ওপর হামলা ও ভারতীয় সরকারি সম্পত্তি নষ্ট করে বলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ আরও সতর্কতা অবলম্বন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় বিজিবি ও বিএসএফ সীমান্তের অপরাধ দমনে নিজ নিজ ভূখ-ে অবস্থান করে এক ও অভিন্ন লক্ষ্যে কাজ করে যাবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ সময়ের এই সভায় সীমান্তে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একযোগে কাজ করবে বলে ঐকমত্য প্রকাশ করেছে।
সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামানের নেতৃত্বে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক মোস্তফা আসাদ ইকবাল, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, রিভারাইন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কমান্ডার এম মিল্টন কবিরসহ ২৬ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ’র কোলকাতা সেক্টরের ডিআইজি রাজিবা রঞ্জন সর্মার নেতৃত্বে কোলকাতা সেক্টরের স্টাফ অফিসার তারানী কুমার তিউ, কমান্ডিং অফিসার মনোজ কুমার বানোয়াল, কমান্ডিং অফিসার জেএস সান্ধু, কমান্ডিং অফিসার অরুন কুমার, কমান্ডিং অফিসার সুরেন্দ্র সিং, কমান্ডিং অফিসার রবি ভুষণ ও কমান্ডিং অফিসার বিজয় ডিমরিসহ ২৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
