ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা: বাড়ছে ক্রেতা, আলোচনায় স্থানীয় লেখকদের বই

admin
March 12, 2019 10:55 pm
Link Copied!

আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পাঠক, লেখক ও প্রকাশকদের আড্ডায় জমে উঠেছে ঐতিহাসিক ৭ মার্চের বইমেলা। ১১ দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার মেলা ঘুরে দেখা গেছে, আগের দিনগুলোর চেয়ে বেশি মানুষ মেলায় আসতে শুরু করেছেন। নানা শ্রেণিপেশার মানুষ থেকে শুরু করে শিশুরাও ভীড় জমাচ্ছে মেলায়। সকলেই দেখছেন বই। ক্রেতার সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে।
মেলায় সাতক্ষীরার স্থানীয় লেখকদের বই সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির স্টলে পাওয়া যাচ্ছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বইগুলো দেখছেন। স্থানীয় লেখকদের বই হিসেবে বেশ সমাদৃত হচ্ছে দর্শনার্থীদের কাছে। তবে বিক্রি হচ্ছে কম।
দর্শনার্থীরা বলছেন, স্থানীয় লেখকদের বেশ কিছু বই রয়েছে- যেগুলো মানুষকে জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাতে পারবে।
সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির স্টলে স্থানীয় লেখকদের বইয়ের মধ্যে রয়েছে সাবেক জেলা প্রশাসক ও বর্তমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদের স্মরণে লেখা ‘শুভ্র সমুজ্জল’। বইটিতে উঠে এসেছে জেলা প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালনকালে জেলার সাহিত্য আর সংস্কৃতিকে সমৃদ্ধ করার প্রয়াসের কথা।
প্রফেসর আবু ইউসুফ মো. আব্দুল্লাহর লেখা ‘ভারত ও বাংলাদেশ ভাগ’। বইটিতে ভারতে সাম্প্রদায়িক শক্তির উত্থান, অবিভক্ত বাংলা আন্দোলন, দ্বি জাতিতত্ত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন তিনি। সাতক্ষীরার সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের কাব্যগ্রন্থ ‘আমরা যদি না জাগি মা’ বইটি পাওয়া যাচ্ছে পাবলিক লাইব্রেরির স্টলে।
রয়েছে সাহিত্যিক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ’র ইংরেজি থেকে অনুবাদ গ্রন্থ ‘মক্কা শরীফের ইতিহাস’ বইটিতে পবিত্র মক্কা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সামাজিক সমস্যা নিয়ে গবেষণা ধর্মী বই ‘অসংগতি আর বিকৃতি’ নিয়ে লিখেছেন আবুল কালাম আজাদ।
এদিকে, জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ‘শ্রেষ্ঠ কবিতা’, এলিজা খাতুনের লেখা ‘ভাটির টানে’ জিল্লুর রহমানের লেখা ‘হৃদয় ছোঁয়া’, এম এ সামাদের লেখা ‘সাঁঝের বেলা’, শাহাবুদ্দীনের লেখা ‘ভারসাম্য শূন্য পংক্তিমালা’, অধ্যাপক মোহাম্মদ ওলিউল্লাহর লেখা ‘বাংলার কথা, বাঙালির কথা’ বইগুলোও দর্শনার্থীদের চোখে আকৃষ্ট করছে।
এছাড়া জেলার পুরাকীর্তি নিয়ে মিজানুর রহমানের লেখা ‘সাতক্ষীরার পুরাকীর্তি’ ও শ্যামনগর থানার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এস এম মিজানুর রহমানের লেখা ‘শ্যামনগর থানার মুক্তিযুদ্ধ’ বইটি বেশ সাড়া ফেলেছে। বইটিতে লেখনীর মাধ্যমে ফুঁটে উঠেছে শ্যামনগরে যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়ার কথা, থানা অভিযানের কাহিনী, কৈখালীর যুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মায়ের সাথে দেখা করার করুণ অভিজ্ঞতাসহ তৎকালীন বিভিন্ন স্মরণীয় ঘটনার কথা।
ইকবাল মাসুদের লেখা ‘মাদক নির্ভরশীলতার জানা-অজানা কথা’, সৈয়দ আবুল হোসেনের ‘শেখ হাসিনার অসামান্য সাফল্য’ নিয়ে লেখা বইটিও বেশ সাড়া ফেলেছে। একই সাথে অধ্যাপক আব্দুল হামিদের (হামিদ মোল্লা) রবীন্দ্র অভিজ্ঞা ও সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক লিপি নাসরীনের ‘গোধূলি রঙের ছায়া’ বইটিও বেশ নাম নিয়েছে।
সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি স্টলের বিক্রয়কর্মী সাইফুল ইসলাম বলেন, স্থানীয় লেখকদের সব ধরণের বই আমাদের স্টলে রাখা হয়েছে। তবে বিক্রি হচ্ছে কম। দর্শনার্থীরা দেখছেন। আশা করা যায়, মেলার শেষের দিকে হয়তো বা বিক্রি বাড়বে।
এই প্রথম বই মেলায় কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে কবি এম এ সামাদের ‘সাঁঝের বেলা’। তিনি মেলায় বিভিন্ন দর্শনার্র্থীর সাথে মতবিনিময় করছেন। তিনি বলেন, এই ধরনের মেলা যেহেতু সাতক্ষীরায় প্রথম, সেহেতু আরও আগে থেকে প্রচারণা করলে বেশি মানুষ হয়তো জানতে পারতো। তবে এবছর বই মেলা যে পরিসরে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী বছরে আশা করা যায় আরও বেশি উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে হবে। তিনি মেলার এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঠক বাড়বে আস্তে আস্তে। হঠাৎ কোন পরিবর্তন সম্ভব নয়। আর এই পাঠকের পরিমাণ বাড়াতে গেলে ভালো মানের আর ভালো লেখকের বই নিয়ে আসতে হবে। এছাড়া বিভিন্ন বই আর লেখকদের নিয়ে মঞ্চে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। তাহলে পাঠক বই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে।
৭ মার্চ সকালে ‘বই কিনুন, বই পড়–ন ও প্রিয়জনকে বই উপহার দিন’ প্রতিপাদ্যে উদ্বোধন হওয়ার পর থেকে বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।