কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পোস্টার সাঁটানোর সময় শিক্ষার্থীসহ তিন জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের কামরালী বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, যুগিখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আক্তারুজ্জামান (২৪), তার সহোদর শরিফুল ইসলাম (২১) এবং তার চাচাতো ভাই মইদুল ইসলামের ছেলে আল মাসুদ (২০)।
খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে বলেন, শনিবার রাত ১০টার দিকে তিনিসহ আহতরা উপজেলা নির্বাচনে ফিরোজ আহম্মেদ স্বপনের নৌকার পোস্টার সাঁটার সময় স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর আনারস প্রতীকের সমর্থক এরশাদ আলী মেম্বরের নেতৃত্বে শাহাজান, মফিজুল গাজী, আব্দুল ওহাব জনি, হিরা মাস্টার, কামরুল ও ওহিদুজ্জামান পিন্টুসহ কয়েকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের মাথায় রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। এসময় দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নৌকার চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি এবং আমার নেতাকর্মীরা এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। কিন্তু কতিপয় সন্ত্রাসী বিভিন্ন সময় আমার নেতাকর্মীদের উপর আক্রমণ করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে।
