ডেস্ক রিপোর্ট: দেবহাটায় এক মুক্তিযোদ্ধার ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মারপিট, উচ্ছেদের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহাটার কামকাটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুদ্দিন ঢালী।
পরিবারের সদস্যদের সাথে নিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ ৭০ থেকে ৮০ বছর ধরে দেবহাটা উপজেলার বড়জগন্নাথপুর মৌজায় ডিপি ৩৮৮, এস এ খতিয়ান নং-১৩ জে এল-৩৫, দাগ ২৮০৯/৪০১১ এর মোট ৫ একর সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ওই সম্পত্তির ৩ পাশে বসতঘর নির্মাণ, গাছপালা লাগানো এবং পুকুর আছে। কিন্তু সম্প্রতি খলিষাখালী এলাকার মৃত গহর আলীর গাজীর ছেলে জালিয়াত চক্রের হোতা মুনসুর আলী, মুনসুর আলীর ছেলে মহিউদ্দীন, শামছুর সরদারের ছেলে লেলিন সরদার, লিটন সরদার, সাইফুল সরদার, লিপু সরদার, সাইফুলের ছেলে রায়হান, আব্দুর রশীদ গাজীর ছেলে লিটন গাজী, ভোলা সরদারসহ কয়েকজন ওই সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে তারা ওই সম্পত্তি থেকে আমার এবং সন্তানদের উচ্ছেদ করে নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। গত ৬ মার্চ তারা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মারপিট এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় তারা দ্রুত ওই সম্পত্তি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করে বলে, আমার ছেলে বাবর আলীকে একা পাইলে খুন করে গুম করে দেবে। এছাড়াও তারা আমার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে চলাচলে বাধাগ্রস্ত করার হুমকি প্রদর্শন করে। ওই ঘটনায় উল্টো তারা আমাদের আসামি করে দেবহাটা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। তাদের ভয়ে আমার পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে জীবনযাপন করছে। ইতোমধ্যে সন্তানদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে। উল্লিখিত ব্যক্তিরা এতই হিংস্র যে তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়না। তারা ক্ষমতার দাপট দেখিয়ে ইচ্ছেমত বিভিন্ন মানুষের দখলীয় ও রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়।
তিনি আরো বলেন, মুনসুর আলী চিহ্নিত জালিয়াতী চক্রের হোতা। এলাকার অসহায় নিরীহ মানুষের জমি জাল কাগজপত্র তৈরি করে দখল করে সে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং লিটন, লেলিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। লিটন দেবহাটার গাজীরহাট শিমুলিয়া এলাকার অহিদ হত্যা মামলার জেলখাটা আসামি।
সংবাদ সম্মেলনে তিনি জালিয়াতী চক্রের হোতা ভূমিদস্যু মুনসুর ও তার সহযোগীদের হাত থেকে আমার দখলীয় সম্পত্তি রক্ষা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
