মীর খায়রুল আলম, দেবহাটা: চিকিৎসক সংকটে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। ভেঙে পড়তে বসেছে স্বাস্থ্য সেবা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংকট সমাধানে আবেদন করেও কোনো সুফল মিলছে না। মাত্র দু’জন ডাক্তার দিয়ে চলছে উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসা সেবা। আর এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে যাচ্ছেন নাম সর্বস্ব বেসরকারি ক্লিনিকে। আর সেখানেই সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ।
হাসপাতাল সূত্র জানায়, ১৯৮৫ সালের জুলাই মাসে সখিপুরে স্থাপিত হয় ৩১ শয্যা বিশিষ্ট দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবার মান বাড়াতে ২০১১ সালে ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১৬টি চিকিৎসকের পদ রয়েছে। যেখানে কর্মরত রয়েছেন মাত্র দু’জন। অন্য ১৪টি পদ রয়েছে শূন্য।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে এক ডাক্তার দেখাতে এসে অন্য ডাক্তার দেখিয়ে সংশয়ে বাড়িতে যাচ্ছেন অনেক রোগী। আবার অনেক রোগী সঠিক চিকিৎসা না পাওয়াতে বেসরকারি নাম সর্বস্ব ক্লিনিকের দিকে ঝুঁকে পড়ছেন। সাথে সাথে সরকারি সেবার প্রতি আস্থা হারাচ্ছেন। ফলশ্রুতিতে সরকারের উন্নয়ন কর্মকা- স্লান হয়ে যাচ্ছে। আবার হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি সংরক্ষণ ও ব্যবহার অভাবে অকেজো হয়ে পড়েছে। এর মধ্যে জনবল না থাকায় আল্টোসোনোগ্রাফি, এক্সে-রে মেশিন ও অপরেশন বিভাগ বন্ধ হয়ে আছে। তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রচেষ্টায় ইসিজি ও টেলিমেডিসিন বিভাগ চালু রয়েছে। সেখান থেকে দেশের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ রোগীদের। একই সাথে হাসপাতালে চালু রয়েছে নরমাল ডেলিভারির ব্যবস্থা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন বলেন, আমি এসেছি হাসপতালে ডাক্তার দেখাতে কিন্তু, এসে দেখি ডাক্তার আছে একজন। যে জন্য ডাক্তার দেখাতে এসেছি সেখানে ডাক্তার না থাকায় চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছি।
সেবা নিতে আসা আরেক রোগী ফরিজুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। তাই সাতক্ষীরায় বা বাইরে কোথাও গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে যা সেবা পাচ্ছি তাই নিচ্ছি। সরকার যদি গ্রাম অঞ্চলের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার দেন তাহলে আমাদের মত অসহায় মানুষ ভালো সেবা পেত।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ বলেন, হাসপাতলে পর্যাপ্ত ওষুধ সরবাহ থাকলেও চাহিদা অনুযায়ী লোকবল নেই। ডাক্তার সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। কিন্তু কোন ফল আসছে না। বর্তমানে যারা এখন দায়িত্বে আছেন তারা প্রতিদিন ইনডোর ও আউটডোরে ১৫০-২০০ রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের নিকট অনুরোধ জানাচ্ছি শূন্য পদে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া হোক।
