সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলার কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে আটটি দোকান ঘর পুড়ে গেছে। এ ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানীরা। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানদাররা জানান, বাজার শেষে রাত ১০টার পরে একে একে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। রাতে বাজারের নৈশ প্রহরী কাজী রফিকুল ইসলাম ও আবুল কাশেম প্রথমে আগুনের শিখা দেখতে পান। তাৎক্ষণিক তারা তালা থানায় খবর দিলে থানা থেকে সাতক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছুনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় জনতা।
এদিকে, অগ্নিকান্ডের খবর শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা বাজার সমিতির সদস্য সচিব কাজী লিয়াকাত, তালা বাজার বণিক সমিতির সাবেক সম্পাদক উদয় কুমার সাধু, সাবেক সদস্য মুনছুর আলী, ব্যবসায়ী মফিজুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দেখে স্থানীয় জনগণ আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
এদিকে, তালাতে কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী বিভিন্ন সময় তালায় একটি ফায়ার সার্ভিস স্টেশন করার দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি দীর্ঘদিনেও।
