আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ডালিমকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল জনতা ব্যাংক মোড় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আছমাউল হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, তরুণ লীগের সাবেক আহবায়ক ওমর সাকী পলাশ, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক আবু রায়হানসহ কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এমএম সাহেব আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদিশ চন্দ্র সানা, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শাহনেওয়াজ ডালিম জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কর্মসূচির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চলেছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা ডালিমের দুর্নীতি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেন।
