কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ও পাশ্ববর্তী এলাকায় গ্রীল কাটা চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এমনকি দিনের বেলাতেও ঘটছে চুরির ঘটনা। চোর চক্রের বেপরোয়া তৎপরতার কাছে মানুষ অসহায় হয়ে পড়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরপরই সর্বস্ব চুরি করে নিয়ে গেছে নলতা স্বর্ণকার পাড়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রউফ ও শাহানারা পারভীন দম্পতির বাড়ি থেকে।
ভুক্তভোগীর ছেলে কামরুল হাসান শাহীন জানান, সোমবার সন্ধ্যার পর বাড়িতে তালা দিয়ে তারা কিছু সময়ের জন্য বাইরে যান। ফিরে এসে দেখেন গ্রীল কেটে চোরচক্র ঘরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে রোববার সকাল ৮টার দিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে অধ্যাপক আব্দুর রশিদের বাড়িতে। তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মাসুমা সেরমিজ জানান, রোববার সকাল ৭টার দিকে তিনিসহ পরিবারের সদস্যরা বাড়ি তালাবদ্ধ করে নলতায় খান বাহাদুর আহছানউল্লার (র.) এর ৫৫তম বার্ষিক ওরছ শরীফের আখেরী মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত শেষে বাড়ি ফিরে চুরির বিষয়টি দেখতে পান। চোরচক্র দিনের আলোয় লোহার গেট ও ঘরের দরজার তালা ভেঙে আলমারিতে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। এসময় ঘরের বিছানা ও আসবাবপত্র তছনছ করে চোরচক্র। এর মাত্র দু’দিন আগে চোরের দল হানা দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির সাবেক পিএস আবু মাসুদের নলতার চৌমুহনীর বাড়িতে। একইভাবে চুরি হয়েছে নলতার মানিকতলা এলাকায় জিলানীর বাড়িতে।
দীর্ঘদিন যাবত নলতা এলাকায় চুরি ঘটনা ঘটলেও শক্তিশালী চোর সিন্ডিকেটকে আটক কিংবা সনাক্ত করতে না পারায় রীতিমতো চোর আতংক নিয়ে রাত যাপন করছেন এলাকাবাসী।
এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, আমরা চুরি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত চোরচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে প্রচেষ্টা চলছে।
