শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দুই মাদকসেবীকে আটকের ঘটনায় পুলিশের উপরে হামলা চালিয়ে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় দুই মাদকসেবীকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ সময় তিন পুলিশ গুরুতর জখম হয়। রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টায় শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের বৈশখালি গ্রামে ঘটনাটি ঘটেছে। ছিনিয়ে নেওয়া মাদকসেবীরা হলো জয়াখালি গ্রামে খোড়া কামাল গাজীর ছেলে আব্দুল্লাহ (১৯) ও তারানিপুর গ্রামে আহাদ আলী গাজীর ছেলে সোহাগ (১৮)।
এএসআই আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈশখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষ্যে সামাজিক যাত্রাপালা চলাকালে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কে থানায় আনার প্রাক্কালে সংঙ্গবদ্ধ মাদকসেবী চক্র পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডক্যাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের তিন সদস্য মারাত্মক আহত হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন হরিনগর গ্রামের রহমান গাজীর ছেলে রেজাউল (৩০) ও জয়াখালি গ্রামে নুর আলী গাজীর ছেলে আবু হাসান (২৫)। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
