রাইয়ান শাকিল: সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় ইউনাইটেড ক্লাব ২৪৪ রানে বিশাল জয় পেয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং সফটরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লীগের উদ্বোধনী খেলায় সুলতানপুর ক্লাব ইউনাইটেড ক্লাব একাদশের মুখোমুখি হয়। ইউনাইটেড ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ৩৮০ রান করে। দলের এনামুল সর্বোচ্চ ১৪৮ রান করে। জবাবে সুলতানপুর ক্লাব ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান করে। ইউনাইটেড ক্লাব ২৪৪ রানে জয়লাভ করে। এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীসের সহ-সভাপতি অনিন্দিতা রায়ের সভাপতিত্বে সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইদ্রিস আলী, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, মির্জা মনিরুজ্জামান কাকন, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপুসহ সুলতানপুর ক্লাব ও ইউনাইটেড ক্লাবের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শক। প্রিমিয়ার ক্রিকেট লীগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন সংস্থার যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল। আগামীকাল গণমুখী সংঘ বনাম পি.কে ইউনিয়ন ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
