স্টাফ রিপোর্টার: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
শনিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সেবা সপ্তাহের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দেশব্যাপী ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে সাতক্ষীরায়ও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- জঙ্গীবাদ ও মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি, যানজটের হাত থেকে শহরের মানুষের সুরক্ষা, ট্রাফিক সচেতনতা, নারী ও শিশুদের সহায়তার ব্যাপারে সচেতনতা সৃষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় জেলা পুলিশের কর্মতৎপরতায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে আমাদের জেলায় তিনটি নতুন গাড়ির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এই জেলার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আরও অন্তত ৪টি নতুন গাড়ির প্রয়োজন। বর্তমানে আমাদের জেলায় ২৮টি গাড়ি থাকলেও এর মধ্যে ৮টির অবস্থা খুবই নাজুক। যেগুলো দ্রুতই সংস্কার করা প্রয়োজন।
পুলিশ সুপার আরও বলেন, জেলার প্রতিটি থানায় সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে ওপেন হাউজ ডে পালন করা হবে। এছাড়া সার্বক্ষণিক স্বেচ্ছায় রক্তদানের জন্য জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, জেলা শহরে চলাচলরত সকল অটো বাইকের ডান পাশ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ, বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ।
এদিকে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে আজ রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের খুলনা রোড মোড় থেকে একটি র্যালি বের হবে বলে জানানো হয়েছে।
