ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্মৃতিস্তম্ভ নির্মাণ, বধ্যভূমি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে: আ ক ম মোজাম্মেল হক

admin
January 23, 2019 10:01 pm
Link Copied!

ফাহাদ হোসেন: যত জায়গায় সম্মুখ যুদ্ধ হয়েছে সব জায়গায় একই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। সকল বধ্যভূমি সংরক্ষণ করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধাসহ সকল উপজেলার ১০ শতাংশ দুস্থ মুক্তিযোদ্ধাকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে বীর নিবাস বানিয়ে দেওয়া হবে এবং আগামী ২৬ মার্চের আগেই মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (২৩ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, পরিচয়পত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে। দেশের ১ম শ্রেণির নাগরিক হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সরকারি পরিবহনে বিনামূল্যে চলাচল এবং সকল সরকারি-বেসরকারি অফিসের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে রাষ্ট্রের সকল সিনিয়র সিটিজেন ও এক বছরের কম বয়সের শিশুরা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবে। বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। বিশেষ করে দুস্থ মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা মূল্যের বীর নিবাস করে দেওয়া হবে। সাতক্ষীরা সদর উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধাসহ সকল উপজেলার ১০ শতাংশ দুস্থ মুক্তিযোদ্ধা পাবে এ বীর নিবাস। যত জায়গায় আমরা সম্মুখ যুদ্ধ করেছি সব জায়গায় আমরা একই ধরনের স্মৃতিস্তম্ভ করবো। এজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। যত প্রস্তাবনা আমরা পেয়েছি আমরা সেগুলো অনুমোদন দিয়েছি। সচিবকে আমি স্পেশালি বলবো সাতক্ষীরা থেকে যে সকল প্রস্তাবনা আসবে সেটা অগ্রাধিকার ভিত্তিতে যেন অনুমোদন দেওয়া হয়। যত জায়গায় গণকবর বা বধ্যভূমি রয়েছে সেগুলোও সংরক্ষণ এবং মর্যাদাপূর্ণ করব। যেগুলো আপনারা প্রস্তাবনা দিয়েছেন সেগুলো অতিদ্রুত হয়ে যাবে। আর যেগুলো দিতে বাকি আছে আপনারা লিখিত আকারে যখনি দিবেন তখনি আমরা অনুমোদন দেব।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা মারা গেলে তাদের দাফনের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ন্যূনতম ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা করা হয়েছে। এই টাকা পেতে আগে অনেক ভোগান্তি হতো। কিন্তু এই ভোগান্তি নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে মুক্তিযোদ্ধারা মারা গেলে গার্ড অব অনার দেওয়ার আগেই স্থানীয় প্রশাসন এই টাকা পরিশোধ করবে।
তিনি জানান, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ পূর্তি ও ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে।
তিনি উপজেলা ও পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনে মাজা ভাঙা দলগুলো অপকৌশল চালাতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক থেকে সর্বত্র নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগললু হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রকল্প পরিচালক ড. মো. মইনুল হক আনছার, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলার সাবেক কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
এর আগে মন্ত্রী সাতক্ষীরা শহরের কাছারীপাড়া মোড়ে নবনির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ আশাশুনি, দেবহাটা, কলারোয়া, শ্যামনগর, তালা ও কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।