ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের মূল সহায়ক শক্তি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা। এসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আগামীর দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে এই শিক্ষার্থীরাই।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রবিউল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাঁকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ।
এসময় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় ও বাঁকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাদাতুল ইসলাম ও চন্দনা বসু।
