দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদিপুরে জমি-জায়গা দখলের জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে ৯জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাদিপুর শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নূর ইসলাম বলেন, আমাদের বসবাসকৃত জমির পাশে অন্য একটি জমিতে আমি ও আমার ভাই নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম দোকানঘর ও পোল্ট্রির খামার করে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে আকবর আলী, ফহি গাইনের ছেলে রবিউল ইসলাম, হাকিম গাজীর ছেলে মোহাম্মাদ আলী ও তাদের নেতৃত্বে ১৫/২০ জনের একটি বাহিনী জমি দখলের উদ্দেশ্যে হঠাৎ আমাদের জমিতে নির্মিত পোল্ট্রির খামার ও দোকান ঘর ভাংচুর করতে থাকে। একপর্যায়ে আমি ও আমার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমি, আমার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আল আমিনসহ কয়েকজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় নুর ইসলাম, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে রুহুল আমিন, আল আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর পক্ষের আকবর আলী, মোহাম্মাদ আলী, রহমান, রনি, সজল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে বলে সূত্র জানায়।
এ বিষয়ে ফহি গাইনের ছেলে রবিউল ইসলাম বলেন, আমি এবিষয়ে কিছুই জানি না। আকবর আলী, মোহাম্মাদ আলীসহ তাদের লোকজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে। তাছাড়া তাদের কোন লোক না থাকায় আমি হাসপাতালে পাঠাতে সাহায্য করেছি মাত্র।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, ঘটনা শুনেছি। কিন্তু এখনা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
