ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এসিল্যান্ডের অপসারণের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

admin
January 21, 2019 10:24 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দীনের বেপরোয়া আচরণে ক্ষুদ্ধ হয়ে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের অনুরোধে ব্যবসায়ীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলেও এসিল্যান্ডকে আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ না করলে অনির্দিষ্টকালের জন্য নাজিমগঞ্জ বাজারে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, সোমবার (২১ জানুয়ারি) বেলা ১টার দিকে নাজিমগঞ্জ বাজারে অবস্থিত মুনসুর গাইনের মালিকানাধীন মেসার্স গাইন বস্ত্রালয়ে ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখতে চান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন। এসময় মনসুর গাইন নামাজের জন্য বাইরে অবস্থান করছিলেন। দোকানের কর্মচারী রতনপুর ইউনিয়নের আবু বক্করের ছেলে নাজমুল ইসলাম (৩০) মালিকের সংরক্ষিত বাক্সে থাকা কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। কর্মচারী নাজমুল কিছু সময় পরেই দেখাতে পারবে বলেও সময় প্রার্থনা করে। কিন্তু এসিল্যান্ড তাকে সময় না দিয়ে খারাপ আচরণ করাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন। মালিকের অনুপস্থিতিতে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ড গাইন বস্ত্রালয়ের কর্মচারী নাজমুল ইসলামকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসেন।
এদিকে, এ ঘটনার পরপরই বাজারের শত শত ব্যবসায়ী ও কর্মচারী সকল দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। ব্যবসায়ীরা নাজিমগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে সড়ক অবরোধ করে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ ফিরোজ কবির কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহসান প্রমুখ।
বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে এসিল্যান্ডকে অপসারণ করা না হলে নাজিমগঞ্জ বাজারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুশিয়ারি উচ্চারণ করেন।
ব্যবসায়ীদের এই ঘোষণার পর উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন দাবির বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে বাজার কমিটির নেতৃবৃন্দকে আশ^স্ত করেন। উপজেলা নির্বাহী অফিসারের আশ^াস এবং ১৫ হাজার টাকা জরিমানা প্রদানের পর আটক দোকানের কর্মচারীকে মুক্ত করে দেয়ায় ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে প্রতিষ্ঠান চালু করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নীতিমালা মেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে নাজিমগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় এক কর্মচারীকে আটক করলেও পরবর্তীতে জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।