এস এম সাহেব আলী, গাবুরা: প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শ্যামনগরের গাবুরার ৯নং সোরায় নদীর চরের গাছ কেটে উজাড় করছে দুর্বৃত্তরা। এ কারণে বিলীন হয়ে যাচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এ বন। একাধিক দুষ্টুচক্র একত্রিত হয়ে প্রতিনিয়ত রাতে নির্বিচারে ওই নদীর চরে গড়ে ওঠা বনজ বৃক্ষ কেটে উজাড় করছে।
এবিষয়ে এনজিও সংস্থা কিরণ এর চেয়ারম্যান আবিয়ার রহমান বলেন, ২০০৭ ও ২০০৯ সালে প্রলয়ংকারী দুর্যোগ সিডর ও আইলায় এ এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ বনের গাছ যারা কেটে সাবাড় করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যারা গাছ কাটে তারা মানুষের বন্ধু হতে পারে না।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছদুল আলম বলেন, ৯নং সোরার চরের সবুজ বন আমাদের গাবুরাবাসীর জন্য অত্যন্ত সময় উপযোগী একটা সম্পদ। যারা এই চরে গড়ে উঠা সবুজ বৃক্ষ কাটছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।
