দেবাশীষ বাবু, জয়নগর (কলারোয়া): বর্ণিল আয়োজনে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষার্থীদের নবীন বরণ, এমপিকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধান অতিথি বলেন, ১৯১৫ সালে এই বিদ্যালয় স্থাপিত হয়ে সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যালয় হচ্ছে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করার স্থান। বিদ্যালয়ের পরিবেশ হবে মনোমুগ্ধকর। এই বিদ্যালয়ে মনোমুগ্ধকর পরিবেশ সজায় রাখতে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূরীকরণে নতুন ভবনের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। একই সাথে স্কুলের পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের উপর ব্রিজ তৈরি করা হবে বলেও উল্লেখ করেন।
বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি হয়ে গেলেও কোন অনুষ্ঠানের আয়োজন না হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, আগামী কিছু দিনের মধ্যেই সেই অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করা হবে।
বিদ্যালয়ে প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারি প্রধান শিক্ষক বিকাস চন্দ্র বোদ্য, প্রাক্তন প্রধান শিক্ষক নিরঞ্জন ঘোষ, ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আলী খাঁ, বিশাখা রানী, ফিরোজ আহম্মদ রকসি, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।
এর আগে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সাথে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
