ডেস্ক রিপোর্ট: ‘বন্ধুত্ব গড়ে উঠুক সর্বত্র মানবতার কল্যাণে’ এ স্লোগানকে সামনে রেখে এবার আমরা বন্ধু’র সদস্য সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্রের আবাসিক সদস্যদের শীতবস্ত্র উপহার দিয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় আমরা বন্ধু’র উদ্যোগে সাতক্ষীরা শহরের মাগুরা দাশপাড়ায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান আরা’র সহযোগিতায় গড়ে ওঠা প্রবীণ আবাসন কেন্দ্রের ১২ প্রবীণকে তারা শীতবস্ত্র (কম্বল) উপহার দেয়।
আবাসন কেন্দ্রের বাসিন্দা খুলনা খালিশপুরের জাবেদ আলী, পূর্ব রূপসার মাসুম বিল্লাহ, আশাশুনি দর্গাপুরের জোসনা বেগম বলেন, আমরা এখানে অনেকদিন ধরে আছি। খুব কম মানুষই আমাদের খোঁজ খবর নেয়। এই বন্ধুরা আসায় আমাদের ভাল লাগছে। গল্প করতে পারছি। তাদের দেওয়া উপহার পেয়ে খুশি হয়েছি। এই বন্ধুদের মত আমাদের বাড়িতে ছেলে মেয়ে নাতি পুতি আছে। তারা আমাদের দেখলে আজ এখানে থাকা লাগতো না।
এসময় আমরা বন্ধু’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবাশিস বসু শেখর, মো. ফাহাদ হোসেন, শামছুন্নাহার, মো. আরিফুল ইসলাম রোহিত, মীর মেহেদী হাসান, আবু রাইয়ান শাকিল, মুশফিকুর রহমান, নুরুল হুদা, এস এম নাহিদ হাসান প্রমুখ।
প্রসঙ্গত, আমরা বন্ধু’র সদস্যরা ২০১৫ সাল থেকে নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী করে থাকে।
