এসএম নাহিদ হাসান: চলছে ডেকোরেশনের কাজ, ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে সাতক্ষীরার মানুষের দীর্ঘ প্রত্যাশিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। সাতক্ষীরা শহরের অদূরে সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র প্রস্তুতের এই কর্মযজ্ঞ চলছে।
গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে অভ্যর্থনা ও পরামর্শ ডেস্ক, বৃহৎ পরিসরে ওয়েটিং স্পেস ও টয়লেট সুবিধা। এ কেন্দ্র থেকে পাঁচটি ডেস্কের মাধ্যমে সপ্তাহে পাঁচদিন পরিচালিত হবে ভিসা প্রদানের কার্যক্রম। শুক্রবার ও শনিবার বাদে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন প্রকার ভোগান্তি ছাড়াই মিলবে ভিসা সেবা।
এজন্য ঢাকা থেকে আগত কয়েকজন আইটি এক্সপার্ট ভিসা সেন্টারের প্রাথমিক কার্যক্রম সেরে নিচ্ছেন।
এ বিষয়ে আইটি এক্সপার্ট কৌশিক ঘোষ জানান, আগামী ১২ জানুয়ারি সেন্টারটি উদ্বোধন করা হবে। তারপর এখান থেকে গ্রাহকরা প্রয়োজনীয় সেবা পাবেন। আমরা প্রাথমিকভাবে সেটআপের কাজ করছি। পরবর্তীতে একজন ইনচার্জ এখানে দায়িত্বে আসবেন। ইউক্যাশের মাধ্যমে টাকা জমা দিয়ে ভিসা আবেদন ফরম জমাদানের মাধ্যমে ভোগান্তি ছাড়াই সাত থেকে দশ দিনের মধ্যেই এই সেন্টার থেকে কাক্সিক্ষত সেবা পাওয়া যাবে।
