শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। বেড়েছে রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের কর্মতৎপরতাও। কদর বাড়ছে সাধারণ মানুষের।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে কালিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের তৎপরতা দেখা গেলেও মাঠে দেখা যায়নি বিএনপিসহ অন্যান্য দলের কাউকে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের পর তারা মাঠে নামবেন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি থাকায় দলীয় হাইকমান্ডের উপর ভরসা রাখছেন সম্ভাব্য প্রার্থীরা।
রাজনৈতিক সূত্র জানাচ্ছে, উপজেলা পরিষদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান।
এদিকে, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চান মৌতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। তিনি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন। সাড়াও পাচ্ছেন কর্মী-সমর্থকদের কাছে।
দলের মনোনয়ন চান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটও। এছাড়াও মনোনয়ন চাইছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু। ইতোমধ্যে তারা দলীয় হাইকমান্ডে লবিং শুরু করেছেন।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় কাজ শুরু করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, সাবেক ছাত্রনেতা নয়ন দাস, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল আরা সজল ও তার আপন ভাই আওয়ামী লীগ নেতা কাজী মোফাখ্খারুল ইসলাম নিলু।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তাও মনোনয়ন চাইবেন।
এছাড়া জাতীয় পার্টি থেকে মাহবুবর রহমান ও বিকল্পধারা থেকে খাঁন লতিফুর রহমান বাবলুর নামও শোনা যাচ্ছে।
এদিকে, মনোনয়ন প্রত্যাশায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেছেন।
