সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জানুয়ারি) সকাল ৯টায় আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে এ খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সম সেলিম রেজা সেলিম প্রমুখ।
এদিন ৪টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বসুখালী দাখিল মাদ্রাসাকে ৮ উইকেটে পরাজিত করে। ২য় খেলায় তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়কে ৬ উইকেটে পরাজিত করে। ৩য় খেলায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর ১৮ রানে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলকে ও ৪র্থ খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় ৯ উইকেটে তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
আজ সোমবার সকাল ৯টায় একই মাঠে ১ম সেমিফাইনালে আশাশুনি ও মধ্যম একসরা দাখিল মাদ্রাসা এবং ২য় সেমিফাইনালে ইউনাইটেড একাডেমি প্রতাপনগর ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হবে। দুপুরে বিজয়ী দু’দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
