পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নু। এলক্ষ্যে প্রার্থিতা ঘোষণা করে ইতোমধ্যে গসংযোগ শুরু করেছেন তারা।
শুক্রবার (৪ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনসাধারণের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় ও গণসংযোগ করেন তারা।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের আহ্বানে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি দলীয় নেতাকর্মী ও জনসমর্থনের কারণে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবেন। জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে দেবহাটাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।
অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর বলেন, দেবহাটাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি দলীয় মনোনয়ন পেলে দেবহাটাবাসীর ভোটে আমি নির্বাচিত হবো।
