ফাহাদ হোসেন: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে বই উৎসব ২০১৯। এ উপলক্ষ্যে বছরের প্রথম দিনেই (১ জানুয়ারি) জেলার তিন লাখ ৮৩ হাজার ৪২৮জন শিক্ষার্থীর হাতে ৩৬ লাখ ৩ হাজার ৬শ ৫৩টি বই তুলে দেয়া হয়েছে।
এর মধ্যে প্রাথমিক স্তরের ১ হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৩ হাজার শিক্ষার্থীর হাতে ৯ লাখ ৬৫ হাজার ১৫৪টি এবং ৬শ ৩টি বিদ্যালয়, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসার ১ লাখ ৮০ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর হাতে ২৬ লাখ ৩৮ হাজার ৪৯৯টি বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে প্রাণের উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুল সাদী, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এটি স্টুডেন্টদের জন্যে একটি আনন্দের দিন। তারা নতুন বই পাচ্ছে। নতুন বই পাওয়ার চেয়ে আনন্দের কিছু থাকতে পারে না। আমাদের অনেক কষ্ট করতে হতো বইয়ের জন্য। তোমরা নিজেরা একদিন মহাকাশে যাবে, মঙ্গলগ্রহে যাবে। তোমাদের চোখ দেখে বোঝা যায় তোমরা শুধু বাংলাদেশ না, শুধু বিশ্ব না, তোমরা মহাবিশ্ব জয় করবে। কারণ তোমরা বছরের প্রথম দিনে বই পাও, বই পড়ো।
এ সময় বক্তারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, টিচার যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো রেজাল্ট ওরিয়েন্টেড না হয়ে স্টুডেন্টরা যেন বুক ওরিয়েন্টেড হয়, সেদিকে খেয়াল রাখবেন। এই বই যেন শ্রেণি কক্ষে পড়ানো হয়।
এদিকে, জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ৪৮হাজার ৬৭জন ছাত্র ও ৫৬ হাজার ৪৬ জন ছাত্রী, মাদ্রাসা পর্যায়ের ১৮ হাজার ৫শ ৬৫ জন ছাত্র এবং ২৬ হাজার ৮শ ৬৭জন ছাত্রী, কলেজ পর্যায়ের ১২ হাজার ৬শ ৪৫জন ছাত্র ও ১১ হাজার ৪৫ জন ছাত্রী, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের ৩ হাজার ৮শ ৪৭ ছাত্র ও ৩ হাজার ৩শ ৪৬ জন ছাত্রীসহ ১ লক্ষ ৮০ হাজার ৪শ ২৮ জন শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে ২৬ লাখ ৩৮ হাজার ৪৯৯টি বই তুলে দেয়া হয়েছে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার ২৭ হাজার ১শ ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ১লক্ষ ২৯ হাজার ৮শ ৬৪টি, কলারোয়া উপজেলার ২৫ হাজার ৪শ শিক্ষার্থীর মধ্যে ১লক্ষ ১৯ হাজার ৭শটি, কালিগঞ্জ উপজেলার ২৯ হাজার ৮শ শিক্ষার্থীর মধ্যে ১লক্ষ ৪১ হাজার ৬শটি, তালা উপজেলার ৩০ হাজার ৮শ ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ১লক্ষ ৪৬ হাজার ৬শ ৩৮টি, দেবহাটা উপজেলার ১২ হাজার ৯০জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৯শ ১৮টি, শ্যামনগর উপজেলায় ৩১ হাজার ৭শ ৯৪জন শিক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ৫১ হাজার ৭শ ৪টি ও সদর উপজেলার ৪৫ হাজার ৮শ ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২লক্ষ ১৭ হাজার ৫শ ৩০টিসহ মোট ২লাখ ২হাজার ৯শ ৬২ জন শিক্ষার্থীর মাঝে ৯লাখ ৬৫ হাজার ১শ ৫৪টি পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে।
