ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পর এবার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান প্রকাশ্যে কুলা প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের কালিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে গিয়ে নেতা-কর্মীদের কাছে কুলা প্রতীকের পক্ষে কাজ করার বার্তা পৌঁছে দেন।
এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশনা এসেছে জনসমর্থন বেশি থাকায় এই আসনে ধানের শীষ পরাজিত করতে মহাজোটের শরীক বিকল্পধারার গোলাম রেজার পক্ষে কাজ করতে হবে। তাকেই ভোট দিতে হবে।
এ সময় শেখ ওয়াহেদুজ্জামান উপজেলার দক্ষিণ শ্রীপুর, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে স্ব শরীরে গিয়ে কুলা মার্কায় ভোট দেওয়ার বার্তা পৌঁছে দেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, মুক্তিযোদ্ধা খান আহসান উল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স ম জগলুল হায়দার। কিন্তু দিন দিন তার জনসমর্থন কমে যাওয়ায় স্থানীয় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কুলা প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে।
