একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কতিপয় যন্ত্রচালিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১২টা হতে ১ জানুয়ারি ২০১৯ তারিখ দিবাগত রাত ১২টা পর্যন্ত সকল ধরণের মটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল বেবিট্যাক্সি/অটোরিক্সা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং স্থানীয় পর্যায়ের সকল যন্ত্রচালিত যানবাহন ও লঞ্চ, স্পিড বোটসহ সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযানের (ভোটারদের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয় পত্র থাকতে হবে) জন্য শিথিলযোগ্য।
এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয় পত্র থাকতে হবে), নির্বাচনের কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরী কাজ যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহনের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রেস বিজ্ঞপ্তি
