সৌমেন মজুমদার, তালা: তালার চারটি ইউনিয়নে ৭৪৯টি দুস্থ অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলো বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রায়ণ প্রকল্পের অধীনে স্বপ্নের বসত ঘরে।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে যাদের জমি আছে ঘর নাই সেই সকল পরিবারকে পাকা টয়লেট, পাকা পিলার ও চর্তুরদিকে ইটের দেওয়াল দিয়ে তৈরি করা ১৬/১৫ ফুটের বসতঘর করে দেওয়া হয়েছে। তবে প্রকল্পটিতে ঘরের চারপাশে টিনের বেড়া বরাদ্দ থাকলেও উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানদের হস্তক্ষেপে চারপাশে ইটের গাথুনি দেওয়া হয়েছে।
সূত্র জানায়, উপজেলার মধ্যে তালা সদর ২৫৮টি, সরুলিয়া ২৪৫টি, খলিশখালী ১৩৩টি এবং জালালপুর ইউনিয়ন ১১৩টি বসতঘর করে দেওয়া হয়েছে দুস্থ অসহায় পরিবারদের। গত এপ্রিল-মে মাসের শেষ দিকে ঘর গুলো নির্মাণ বরাদ্দ হলেও জুন-জুলাইতে বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি কমিটি করে ঘর গুলো নির্মাণ করা হয়।
তালা সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের সুবিধাভোগী মাজেদা বেগম বলেন, ভিটামাটি ছাড়া আর কোন সহায় সম্বল নেই। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। সরকার ঘর না দিলে কোন দিন ইটের গাথুনির পাঁকা ঘরে বসত করতে পারতাম না।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, উপজেলায় ৭৪৯টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। উপকারভোগীরা বসবাস শুরু করছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে দুস্থ ও অসহায় পরিবার ঘর পেয়েছে।
