এমএ মামুন: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে প্রশাসনকে সে বিষয়ে কঠোরভাবে নজর রাখতে হবে। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অবহেলা করতে পারবে না। ভোটের পূর্বে বা ভোটের দিন কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও পুলিশ, বিজিবি, র্যাব, সেনা, আনসার, গ্রাম পুলিশ, সিভিল প্রশাসনসহ সকলকে খেয়াল রাখতে হবে।
বুধবার (১৯ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দেবহাটায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মাহবুব রহমান খান, জেলা আনছার কমান্ডার মনিরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্বল মৈত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
