কালিগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কালিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর (রোববার) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, জাতীয় পার্টি, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সরকারি কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করা হয়। সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়ান উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান।
বিকেল ৩টায় মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, বিকেল ৪টায় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সূধি ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
