ডেস্ক রিপোর্ট: সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০১৮।
এ উপলক্ষ্যে রোববার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে একই স্থানে বিজয় দিবসের কুজকাওয়াজে অংশ নেয় পুলিশ, বিএনসিসি, আনসার, কারারক্ষী, রোভার স্কাউট, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪৩টি দল।
বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুল সাদী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি প্রমুখ।
সভায় সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা পৌরসভা দীঘিতে সাঁতার ও হাঁসধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা, একই সময়ে সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা এবং ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, জেলার সর্বত্র বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নানা কর্মসূচি পালন করে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস ২০১৮।
