শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের নাজিমগঞ্জ থেকে শ্যামনগরের নূরনগর পর্যন্ত কার্পেটিং রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার থেকে নূরনগরগামী জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি। এ কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমের চরম জনদুর্ভোগের পর সম্প্রতি সংস্কার কাজ শুরু হয়। সংস্কারের জন্য রাস্তার উপরের অংশে ৩ ইঞ্চি পরিমাণ পুরনো, ইট, পাথর ও পিচ উঠিয়ে এবং রাস্তার বড় বড় গর্ত পূরণপূর্বক কার্পেটিং করা হবে বলে উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়। কিন্তু মথুরেশপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসার পাশর্^বর্তী রাস্তার উপরের অংশ সম্পূর্ণ না উঠিয়ে যেনতেনভাব কাজ শেষ করার পাঁয়তারা চালাচ্ছেন ঠিকাদার। অনিয়মের বিষয়টি গত ১২ ডিসেম্বর উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি ছুটিতে আছেন বলে জানান। কিন্তু ঠিকাদার তড়িঘড়ি করে গত ১৩ ডিসেম্বর দুপুরে সড়কের উপরে কালো তেলের প্রলেপ দিয়ে রাস্তার উপরিভাগ অদৃশ্য করে ফেলেছেন।
অনিয়মের মধ্য দিয়ে রাস্তার সংস্কার কাজ শেষ করার উদ্যোগ নেয়ায় মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউপির সাবেক মেম্বর আব্দুল হাকিম উপজেলা নির্বাহী অফিসার বরাবর জরুরী ভিত্তিতে লিখিত অভিযোগ করেন।
প্রসঙ্গত, এর আগেও কালিগঞ্জ-তালতলা সড়ক, পাউখালী-মথুরেশপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের কাজেও ব্যাপক অনিয়ম হওয়ায় তিন মাসের মধ্যে রাস্তাগুলো নষ্ট হয়ে পূর্বের ন্যায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত এবং যথাযথ নিয়ম মেনে রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করার জন্য তিনি আবেদন জানিয়েছেন।
