বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালায় নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতীয় জীবনে অতিগুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করছে আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন। সাতক্ষীরা জেলায় নির্বাচন নির্বিঘœ ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য পুলিশ সুপারের সহযোগিতায় আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে যা কিছু করণীয় তার সব করা হবে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা ও সহকারি কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশ শেখর দাশ’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সাস পরিচালক শেখ ইমান আলী, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, কৃষক লীগ নেতা বিশ্বজিৎ সাধু, জাপা নেতা আবুল কালাম আজাদ, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো. জসিম, তালা শহীদ আলী আহম্মদ, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. বদরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েত আকবর, উত্তরণ’র প্রকল্প কর্মকর্তা হাসিনা পারভীন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. তাওহিদুর রহমান প্রমুখ।
