এস এম নাহিদ হাসান: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেছেন, সাংবাদিকরাই তাদের লেখনির মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের অন্যায়ের প্রতিবাদ করেছিলো। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পরেই সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রেখেছিলেন সাংবাদিকরা। সাংবাদিকরাই পারে মানবিকতাকে জাগিয়ে তুলতে। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জাতির সামনে সেই সব ইতিহাস তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশায় যারা নতুন আসছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে। তাহলে দেশ, জাতি ও জাতির ইতিহাস গঠনে তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ও নিউজ নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত ‘সাংবাদিকদের নিরাপত্তা : ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি’ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে ও নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক।
কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। পাঁচদিন ব্যাপী এই কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি, সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের মৌলিক মূল্যবোধ ও তাদের সুরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
