শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নবীন প্রবীণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ অক্টোবার) বিকাল ৫টায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে উপজেলার চালিতাঘাটা বাজারে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এবং স্থানীয় যুব সংগঠনের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে অংশ নেওয়া প্রবীণরা তাদের সময়কার কৃষিতে সোনালী দিনের কথা নবীনদের কাছে তুলে ধরেন। এসময় নবীনদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রবীণরা বলেন, আমরা আগে ক্ষেতে ধান ফেলিয়ে আসতাম আর কাটার সময় কেটে আনতাম। সারের কোনো দেখা ছিলো না। আর এখন সার ছাড়া কোনো কিছুই ফলানো সম্ভব না। আক্ষেপের সুরে প্রবীণ শিক্ষক মোশাররফ হোসেন বলেন, এখন আর খাদ্যে স্বাদ নেই। আমরা যত বেশি ইউরিয়া সার ব্যবহার করছি তত বেশি শরীরে জটিল রোগে আক্রান্ত হচ্ছি।
সংলাপে অংশ নেওয়া গোলাম রব্বানী বলেন, যেখানে আমাদের দেশের শতকারা ৮০ ভাগ মানুষ কৃষক সেখানে আমরা কৃষি বা কৃষকদের সংগ্রামের কোন খবর রাখি না। আজ আমার সুযোগ হয়েছে প্রবীণদের কৃষিতে সাদা মাটা সংগ্রামের গল্প শোনার। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি মনে করি প্রত্যেক মানষেরই এগুলো জানা উচিত।
বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, হিসাবরক্ষক বিধান মধু, বারসিক কর্মকর্তা আল ইমরান, রেজাউল করিম, আল আমিন, মাসুম বিল্লাহসহ উপজেলার ৫০ জন নবীন প্রবীণ এ সংলাপে অংশ নেন।
