কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় ব্যাংক কর্মকর্তা বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পূর্ব কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে ঢাকা ব্যাংকের যশোর শাখার ক্যাশিয়ার তুহিন রহমান দীর্ঘদিন ধরে দত্তডাঙ্গা এলাকায় তার মামার বাড়ির সম্পত্তি লিজ নিয়ে ঘের করে আসছিল। আট মাস আগে দত্তডাঙ্গার সিরাজুল গাজী ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম তুহিনের ঘেরের বিপরীতে বহমান সরকারি খালের পাশে বসতঘর নির্মাণ করতে আসলে তুহিন তাদের হুমকি-ধামকি দেয় এবং বলে ঘর করতে হলে টাকা দিতে হবে। এ ঘটনার এক মাস পর সিরাজুল গাজী ও তার স্ত্রী আবারও বসতঘর নির্মাণ করার চেষ্টা করতে আসলে তুহিন সিরাজুল গাজীর কাছ থেকে নিজ দখলীয় সম্পত্তি বলে সরকারি খালের পাশের ৪০ হাত জমি ৫০ হাজার টাকা নিয়ে বসতঘর নির্মাণের সুযোগ করে দেয়। এছাড়া তুহিন সিরাজুলকে আশ্বস্ত করেন এই বলে যে কোন সমস্যা হবে না।
এখানেই শেষ নয়, তুহিন আবারও সিরাজুলের বসতঘরের পাশে আরও একটি পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে বসতঘর নির্মাণ করার সুযোগ করে দিলে তা কুলিয়া ইউনিয়ন ভূমি অফিস জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এ ব্যাপারে তুহিন রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দত্তডাঙ্গায় ঘের করতাম। এখন আর করি না। আর আমি কোন টাকা নেই নি বা কোন সরকারি জমি বিক্রয় করিনি।
এ বিষয়ে কুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা তালুকদার হাসনাত বলেন, ইতোমধ্যে যে নতুন ঘরটি নির্মাণ করা হয়েছে তা উচ্ছেদ করা হয়েছে। পুরাতন ঘরগুলো উচ্ছেদের প্রস্তুতি চলছে। এছাড়া যে বা যারা এই জমি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ বলেন, এ বিষয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নেব। ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
