আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জুয়া চক্রের সম্রাট সিরাজুলসহ (৪৮) তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। সিরাজুল হিজলিয়া গ্রামের ছহিল উদ্দীন গাজীর ছেলে।
পুলিশ জানায়, সিরাজুল সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে কলিমাখালী, কোলা, হিজলিয়াসহ বিভিন্ন জায়গায় যাত্রাগানের নামে ফড় ও তাসের জুয়া পরিচালনা করে। বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে শ্রীউলা ইউনিয়নের কোলা গ্রামের চিংড়ি ঘেরের বাসা থেকে দুই জোড়া তাস ও জুয়ার ২৩৫০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশের একটি দল। এসময় তার সহযোগী লস্করীখাজরা গ্রামের আরশাদ গাইনের ছেলে মুরশীদ আলম (২৮) ও কলিমাখালী গ্রামের আবু বক্কর সরদারের ছেলে আলমগীর হোসেন (৪০) কে আটক করা হয়। পুলিশি অভিযানের কথা টের পেয়ে সিরাজুলের অন্যান্য সহযোগীরা মাছের ঘেরের পানি সাঁতরিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় জুয়া আইনে ১৪(৯)১৮ নং মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া একই রাতে জিআর- ৯(৯)১৮ নং মামলায় বাহাদুরপুর গ্রামের পিন্টু ওরফে পঁচা ও সিআর- ৩৬/১৭ (কাওনিয়া) নং মামলার আসামি জামালনগর গ্রামের আবুল হোসেনকে গ্রেফতার করে থানাপুলিশ।
বৃহস্পতিবার তাদের কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
